চ্যানেল আই এর আয়োজনে গতকাল ৩১ জানুয়ারি চতুর্থবারের মতো শুরু হয় ‘বাংলা খেয়াল উৎসব’১৮। ঐদিন বিকেল ৫.৩০ মিনিটে উৎসবটি শুরু হয়। আজ পহেলা ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত চলে উৎসবটি।
চ্যানেল আই ছাদ বারান্দা থেকে উৎসবটি সরাসরি সম্প্রচারিত হয়। উৎসবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগসহ দেশের ৩৪টি সঙ্গীত প্রতিষ্ঠান এবং ১৫০জন শিল্পী।
এছাড়া আরো প্রায় দু’শ নবীন ও শিশুশিল্পীরা এ উৎসবে অংশগ্রহণ করছে। এদিন বিকেল ৫টা ৩০ মিনিটে উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সঙ্গীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান ও সংস্কৃতি কেন্দ্রের সাধারন সম্পাদক সেলিনা আজাদ।
উৎসব উদ্বোধন পর্বে জানানো হয় আগামীতে সারাদেশ থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে ‘বাংলা খেয়াল উৎসব’ অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন নবীন ও শিশুশিল্পীরা। এরপর মা মা বলে ডাকো...সম্মিলিত কণ্ঠে একটি উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।
উৎসবটি উপস্থাপনা করছেন মৌসুমী বড়ুয়া ও পরিচালনা করছেন অনন্যা রুমা। উৎসবে সিনিয়র শিল্পীদের মধ্যে অংশ নেবেন করিম শাহাবুদ্দিন, অশিত রায়, ড. নাশিদ কামাল, ড. হারুনুর রশিদ, ড. পদ্মিনী দে প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
