এবার লাউয়ের ভিতরে ফেনসিডিল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৯
 
এবার লাউয়ের ভিতর থেকে জব্দ করা হয়েছে ১৫ বোতল ফেনসিডিল। গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকা থেকে মাদকসহ দুই পাচারকারীকে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।
 
বিশ্বরোড হাইওয়ে থানার সার্জেন্ট মো. জসিম উদ্দিন জানান, পৃথক অভিযানের মাধ্যমে গ্রেফতারকৃত দুই মাদক পাচারকারীকে গাজা ও ফেনসিডিলসহ বিশ্বরোড বিআরটিসি বাসস্ট্যান্ড ও ডাচ-বাংলা এটিএম বুথের সামনে থেকে আটক করা হয়।
 
বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, আটককৃত ফাতেমা বেগম (৩৫) টাংগাইলের আফাজ মোল্লার স্ত্রী, তল্লাশি করে তার নিকট থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয় এবং ঢাকার বাড্ডার সাতারপুর তালতলা এলাকার জসিম উদ্দিনকে তল্লাশি করে ১টি লাউয়ের ভেতর ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তারা অভিনব কায়দায় রাজধানীতে মাদক পাচার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস