কুমিল্লায় অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৫
 
কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুর নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক নারীর (২৫) মৃতদেহ উদ্ধার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) মর্গে পাঠিয়েছে।
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় স্থানীয় এলাকাবাসী লালমাই উপজেলার কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুর এলাকায় গলায় উড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মৃতদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 
 
খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই অঞ্জন কুমার নাহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। নিহত তরুণীর পরনে হালকা আকাশি রঙের সেলোয়ার-কামিজ ছিল বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই অঞ্জন কুমার নাহা। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/কেকে