‘‌যানজট নিরসনে সার্কুলার রুটের উন্নয়ন করা হবে’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০১
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসনকল্পে ঢাকা শহরের চারপাশে সার্কুলার রুটের (অংশ-২) উন্নয়ন করা হবে। 
 
আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আরো বলেন, সার্কুলার রুট (অংশ-২) এর আওতায় তেরমুখ-আব্দুল্লাপুর-ধউর-বিরুলিয়া-গাবতলী-বাবুবাজার-পোস্তগোলা-ফতুল্লা-চাষারা-ডেমরা রুটটি উন্নয়ন করা হবে।
 
মন্ত্রী বলেন, প্রস্তাবিত রুটের ধউর পয়েন্ট এবং গাবতলী পয়েন্টে ২টি ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে। এই দুইটি ফ্লাইওভারের ফিজিবিলিটি স্ট্যাডি ও ডিটেইল ডিজাইনের কাজ চলমান রয়েছে। 
 
ওবায়দুল কাদের বলেন, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা (বনানী), জয়দেবপুর মহাসড়েকের এয়ারপোর্ট মোড়ে ৭শ’ মিটার দীর্ঘ একটি এবং জসিমউদ্দিন মোড়ে ৬শ’ মিটার দীর্ঘ আরও একটি ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ করা হবে।
 
ইত্তেফাক/কেকে