ভুরুঙ্গামারীতে গৃহবধুর লাশ উদ্ধার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৪

ভুরুঙ্গামারীতে আলেমা খাতুন(৩২) নামে এক গৃহবধুর লাশ ভুট্টা ক্ষেতে পাওয়া গেছে। নিহত আলেমার স্বামীর নাম জয়নাল আলী(৪০)। তারা উপজেলার তিলাই ইউনিয়নের খোচাবাড়ীর চর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের চর নলেয়া গ্রামের কিছু ছেলে ঘাস কাটতে যাওয়ার সময় ঐ গ্রামের ভুট্টা ক্ষেতে আলেমার লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে জানালে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। তার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আলেমার ভাই রফিকুল ইসলাম জানান, স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় দীর্ঘ ৮ মাস থেকে সে বিভিন্ন আত্মীয়ের বাসায় ঘুরে বেড়াত। ৪/৫ দিন আগে তার স্বামী আলেমার ফুপা মনছুর আলীর বাড়ি থেকে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর শুক্রবার ভুট্টা ক্ষেতে তার লাশ পাওয়া যায়। উল্লেখ্য নিহত আলেমা দু সন্তানের জননী।

ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। তবে গলায় শাড়ি পেঁচিয়ে অন্য কোথাও হত্যা করে লাশ ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে তার ধারণা।

ইত্তেফাক/নূহু