মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ল্যাব এইড হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিওরো সার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল হোসেন ভুঁইয়া।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি স্ট্রোক করলে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল ক্লিনিকে ডা. তোফায়েল হোসেন ভুঁইয়ার অধীনে ভর্তি করা হয়। ডা. তোফায়েল হোসেন ভুঁইয়া বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ঝন্টু সাহেবের বাম হাত ও পা অনুভূতিহীন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঝন্টুর ছেলে রিয়াজ আহমেদ হিমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে বাবাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ট্রোক করলে তাকে স্থানীয় সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয়। এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রসিকের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। এছাড়া তিনি রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
ইত্তেফাক/আরকেজি
