ঘ্যাংরাইল নদীর স্রোতে ভাঙন হুমকিতে গ্রাম প্রতিরক্ষা বাঁধ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯

ডুমুরিয়া উপজেলার শোভনা ও আটলিয়া ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত ঘ্যাংরাইল নদীর প্রবল স্রোতের তোড়ে হুমকিতে রয়েছে বাদুরগাছা-বাগআছড়া ও মনোহরপুর গ্রামের প্রায় চার কি.মি গ্রাম প্রতিরক্ষা বাঁধ। দীর্ঘদিন মেরামত না করায় ইতিমধ্যে বাঁধের প্রায় ৮০ শতাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, ভাঙন রক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সড়ক দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনের মাধ্যমে বাঁধ কমিটি তৈরি করে মেরামত করে আসছে।

উপজেলা প্রকৌশলী বিদ্যুত্ কুমার দাস জানান, ক্ষুদ্র পানি সম্পদ সেক্টরের অর্থায়নে স্থানীয় জনগণের মাধ্যমে এলসিএস কমিটি তৈরি করে এ বাঁধ রক্ষার কাজ চলছিল। চলতি বছর নদীর স্রোত বেগবান হওয়ায় বাঁধে ব্যাপক আকারে ভাঙন সৃষ্টি হয়েছে। ফলে নদী শাসন না করে এ বাঁধ রক্ষা করা সম্ভব না। উপজেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রেজুলেশন করে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। ভাঙন মেরামতের কাজ এলজিডি’র আওতায় নয়। এটি পানি উন্নয়ন বোর্ডের।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-১) সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা আব্দুস সোবহান জানান, এখনও কোনো চিঠি বা রেজুলেশন পাইনি। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয় শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন, প্রায় চার কি.মি সড়কটি দীর্ঘদিন ঘ্যাংরাইল নদীর ভাঙনের কবলে রয়েছে। দ্রুত মেরামত না করলে বাঁগআছড়া, বাদুরগাছা ও আটলিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রাম তিনটি প্লাবিত হবে। আর এতে প্রায় দুই হাজার বিঘা চলতি বোরো ধানের ক্ষেত ডুবে যাবে। এছাড়া শতাধিক ছোট-বড় মাছের ঘের, বিভিন্ন প্রতিষ্ঠানসহ প্রায় ১৫ কি.মি গ্রামীণ কাঁচা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যাবে।

ইত্তেফাক/নূহু