দখলে সরু বংশী নদী বন্ধ বহু সেচ প্রকল্প

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৪০

কালিয়াকৈরে এককালের প্রমত্তা বংশী নদী নাব্য হারিয়ে দখলের কারণে সরু খালে পরিণত হয়েছে। এতে নদী তীরবর্তী অনেক সেচ প্রকল্প বন্ধ হয়ে গেছে। এই নদী জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা এবং জামালপুর সদর, মধুপুর, ঘাটাইল, কালিহাতি, বাসাইল, মির্জাপুর, সখিপুর, কালিয়াকৈর, ধামরাই, সাভার উপজেলা ও ৩২১টি মৌজার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এককালের প্রমত্তা বংশী নদীর কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী থেকে ধামরাই পর্যন্ত গতিপথের প্রায় ২০ কি.মিটারই নাব্য হারিয়ে সরু খালে পরিণত হয়েছে। দুই দশক আগেও কালিয়াকৈর থেকে ধামরাই ত্রিমোহনা পর্যন্ত নদীপথের দু’পাশে শতাধিক সেচ প্রকল্প চালু ছিল। উপজেলার উত্তর হিজলতলী, বড়ইতলী, নয়ানগর, বাজহিজলতলী, বলিয়াদী, ডুবাইল ও বেগুনবাড়িসহ বিভিন্ন এলাকায় নদী দখল করে অবৈধভাবে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় এর পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদীর পানি প্রবাহ বন্ধ হওয়ায় ওইসব সেচ প্রকল্পের হাজার হাজার বিঘা বোরো ও সবজি চাষের জমিতে সেচ সুবিধা বন্ধ হয়ে গেছে। স্থানীয় কিছু প্রভাবশালী ভরাট হওয়া বংশী নদীর বেশির ভাগ জায়গায়ই দখল করেছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত করে বংশী নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। সেইসঙ্গে বংশী নদী খননের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/নূহু