গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
নিহতের চাচাতো ভাই আব্দুল মান্নান জানান, তিন বছর আগে প্রেম করে আম্বিয়াকে (২০) বিয়ে করেন মোবারক হোসেন (২৬)। তাদের একটি এক বছরের কন্য সন্তান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আম্বিয়াাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হলে স্বামী হাসপাতালে স্ত্রীর লাশ রেখে কৌশলে পালিয়ে যায়। আম্বিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তবে কালীগঞ্জ থানার পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার আগে জুতা না কিনে দেয়াকে কেন্দ্র করে আম্বিয়ার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। পরে স্বামী বাড়ি থেকে কাজে চলে গেলে বসতঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে ঘরের আড়ার সঙ্গে আম্বিয়া ফাঁস নেয়। বাড়ির লোকজন মই দিয়ে দরজার উপরের ফাকা দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে আম্বিয়াকে উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে নেয়। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয়ভূষন দাস জানান, সন্ধ্যায় আম্বিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
ইত্তেফাক/এএম
