ভালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রে’র ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগে লুইস সুয়ারেজের একমাত্র গোলে জিতেছে টুর্নামেন্টের রেকর্ড ২৯ বারের শিরোপাধীর এই দল। আগামী সপ্তাহে ফিরতি পর্বে ভালেন্সিয়ার মাঠে খেলতে যাবে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।
এই ম্যাচে বার্সাকে অবশ্য গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৭ মিনিট পর্যন্ত। দুই অর্ধ মিলে একাধিক সুযোগ তৈরি করেও এর আগে গোলের দেখা পায়নি দলটি। শেষ পর্যন্ত ৬৭ মিনিটে বাঁ-দিকের বাইলাইন থেকে মেসির ক্রস পাওয়া বল থেকে হেডের সাহায্যে গোল করেন সুয়ারেজ। শেষ দিকে সুয়ারেজ আরেকটি সুযোগ নষ্ট করলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে।
এদিকে সেমিফাইনালের প্রথম লেগের অপর ম্যাচে বুধবার লেগানেসের মাঠে ১-১ ড্র করেছে সেভিয়া।
ইত্তেফাক/কেআই
