‘নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৩
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার চেষ্টা করতে হবে। তা না হলে ভবিষ্যৎ সুফল বয়ে আসবে না।’
 
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত মার্চ ৭১ স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারীদের সংবর্ধনা ও সম্মাননা এবং কলেজের রহিমা আফসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
 
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম আরও বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে হবে, তা হলে এটাকে আর কেউ কেড়ে নিতে পারবে না।’
 
তিনি বলেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে আমাদের সকলের উচিত যার যে কাজ, সেটি করা। 
 
ইত্তেফাক/এমআই