দেশজুড়ে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৪
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রাজধানীসহ দেশজুড়ে শুরু হয়েছে মাদক বিরোধী শাঁড়াসি অভিযান। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মেট্রোটিম গ্রেফতার করেছে অস্ত্রসহ ৩৮ জন মাদক ব্যবসায়ীকে। নারায়ণগঞ্জে পাওয়া গেছে ইয়াবার কারখানা। রাজশাহীতে হেরোইনসহ গ্রেফতার হয়েছে দুই ইয়াবা ব্যবসায়ী। 
 
শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দিন আহমেদ। 
 
উল্লেখ্য, গত বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় এক সংসদ সদস্যের বক্তব্যে মাদক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যক্রম নিয়ে সমালোচনার পর প্রধানমন্ত্রীর নির্দেশনার পর থেকে রাজধানীসহ সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
 
সংবাদ সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ অনেকটা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা মাদকের মূল উৎপাটন করতে চাই। তবে এর জন্য আমাদের যে লোকবল রয়েছে তা নিয়ে মাদকের বিরুদ্ধে সংগ্রাম চালানো কষ্টসাধ্য, তবে যৌথভাবে অভিযান পরিচালনা করা হলে তা সম্ভব।
 
তিনি বলেন, কক্সবাজার জেলার নাফ নদী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট। তারপর মাদক বিক্রেতাদের মাধ্যমে কক্সবাজার থেকে নানান পন্থায় দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় ইয়াবার চালান। তবে ইদানীং দেশের অভ্যন্তরে পাওয়া যাচ্ছে মরণ নেশা এ ইয়াবা তৈরির ছোট ছোট কারখানার সন্ধান। অভিযান কালে রাজধানীর পাশেই নারায়ণগঞ্জের হরিপুরে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে এক নারীকে গ্রেফতার করা হয়। তবে ওই কারখানার মূলহোতা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
জামাল উদ্দীন আহমেদ আরও বলেন, দেশে ইয়াবা তৈরি হয় না এ ধারণা বদলে যাচ্ছে। নারায়ণগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান মেলার পর নতুন করে ভাবতে হচ্ছে। এটা খুব ভীতিজনক বার্তা।
 
ইত্তেফাক/এমআই