`ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাবে'

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৬
ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
 
শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশে  ডা. ইমরান এইচ সরকার এসব কথা বলেন। মন্ত্রীসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদনের প্রতিবাদে গণজাগরণ মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। 
 
ইমরান এইচ সরকার বলেন, অতীতে আমরা নানা ধরণের কালা কানুন দেখেছি। কিন্তু এই আইনটি শুধু কালা কানুন না। এই আইন কার্যকর করলে মধ্যযুগের সঙ্গে বাংলাদেশের কোনো পার্থক্য থাকবে না। 
 
তিনি বলেন, সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের পথ রুদ্ধ করে দেয়া হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমেরও টুটি চেপে ধরা হচ্ছে। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে ষোল কোটি মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতকর্মী  জীবনানন্দ জয়ন্ত, ব্লগার বাকী বিল্লা,জামসেদ আনোয়ার তপন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি