জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, অজ্ঞতা হচ্ছে মানুষের বড় শত্রু। আমার দেশকে আমার গ্রামকে বাঁচাতে হলে নারী-পুরুষ উভয়কেই শিক্ষিত হতে হবে। এ ক্ষেত্রে নারী শিক্ষার ওপর জোর দিতে হবে। বিশেষত মাদকের ভয়াবহ গ্রাস থেকে সন্তানদের রক্ষা করতে মা-বাবাকে সতর্ক ভূমিকা নিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন। স্বামী-স্ত্রী একত্রে কাজ করলে নিজেদের স্বাবলম্বী হওয়া দ্রুততর হয়। ফলে একজনের অবর্তমানে আরেক জন সংসারের হাল ধরতে পারেন।
গতকাল শুক্রবার বিকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশায় গ্রামীণ নারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তাসমিমা হোসেন বলেন, বেগম রোকেয়ার প্রদর্শিত পথে এ দেশের নারীদের শিক্ষিত হওয়া, নিজেদের পায়ে দাঁড়ানো, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার যে প্রবহমান ধারা, তা অনুসরণ করে আমাদের অঞ্চলেও উদাহরণ সৃষ্টি হয়েছে। সভা, সমিতি, সংগঠন তৈরি করে আমরা গ্রামের মহিলাদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি। যার সুফল গ্রামীণ জনগোষ্ঠীতে ইতোমধ্যে প্রতিফলিত হচ্ছে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তা ইতিবাচক ভাবে স্পষ্ট হয়ে উঠেছে।
ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, সংঘবদ্ধতা ও সংগঠনের জন্য শক্তিশালী ব্যক্তিত্বের প্রয়োজন। নেতৃত্বের চালিকাশক্তির মধ্যে চারিত্রিক দৃঢ়তা থাকা প্রয়োজন। এ অঞ্চলে এই বলিষ্ঠ নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন আনোয়ার হোসেন মঞ্জু। ৩২ বছরে এই অঞ্চলে আনোয়ার হোসেন মঞ্জু’র নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার তুলনা তিনিই। এ সময় এলাকার প্রভূত উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি আরো বলেন, ১৯৯০ সালের পর আমি রাজনীতিতে অংশ নিয়েছি এবং তখন এলাকার স্থানীয় সরকার পর্যায়ে অনেক প্রবীণ নেতার সঠিক নেতৃত্বের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। এসব নেতার অনেকেই এখন আর আমাদের মাঝে নেই। তাদের আদর্শকে অনুসরণ করে বর্তমান প্রজন্মের নেতৃত্বকে পথ চলতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে ইসলাম ধর্মকে অবলম্বন করে আমরা শান্তিতে বসবাস করতে পারবো।
স্থানীয় রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা জেপি’র সভানেত্রী আসমা আক্তার, স্থানীয় নারী নেত্রী বিউটি রানী, মিলন আক্তার, হাসিনা বেগম, সাজেদা আক্তার ছবি, শাহনাজ আক্তার প্রমুখ।
‘বাঙালি তথা ভান্ডারিয়ার মানুষ মানিক মিয়ার কারণে ধন্য’
সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজ আয়োজিত সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তাসমিমা হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধিকার আন্দোলন তথা ৫২’র ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসাবে তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদান সর্বজনবিদিত। বাঙালি তথা ভাণ্ডারিয়ার মানুষ মানিক মিয়ার কারণে আজ ধন্য। তিনি এই মাটিতে জন্ম নিয়েছিলেন বলেই এখানকার বাসিন্দারা ব্যাপক উন্নয়নের স্বাদ পেয়েছেন। তাঁর পুত্র আনোয়ার হোসেন মঞ্জুও স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময় গণতন্ত্র বিকাশে ভূমিকা রেখে আসছেন।
সাবেক এই সংসদ সদস্য বলেন, ৮০’র দশকে সামরিক শাসন থেকে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে রাজনীতিক আনোয়ার হোসেন মঞ্জু এরশাদ সরকারের মন্ত্রী হয়ে এক বিশাল দায়িত্ব পালন করেছেন। পরে বিভিন্ন সরকারে ১৭ বছর মন্ত্রিত্ব এবং ২৫ বছর সংসদ সদস্য পদে থেকে এই ধারাকে তিনি অব্যাহত রেখেছেন। পাশাপাশি ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলে যে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন তা মানুষের জীবন-যাপনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তাঁর এই উন্নয়ন ও ঐক্যের রাজনীতির প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আগামীতেও তাঁকে সংসদে ও সরকারে পাঠাবে। আমরা বর্তমান জোট সরকারের সঙ্গে আছি, আওয়ামী লীগের সঙ্গে আমাদের পারিবারিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, আনোয়ার হোসেন মঞ্জু সব সময় ঐক্যের কথা বলেন। কোন্দল না করে একটি সমাজে সংঘবদ্ধভাবে কী করে বসবাস করতে হয়, এই কঠিন কাজটি তিনি এলাকাবাসীকে শিখিয়েছেন। জাতীয় ছাত্র সমাজের আজ দায়িত্ব হবে এই আদর্শকে ছাত্রদের মধ্যে ও সমাজে ছড়িয়ে দেওয়া।
ভাণ্ডারিয়ায় উপজেলা জাতীয় পার্টি-জেপি’র কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক শাহ আলম পান্নু, বাহাদুর সরদার, ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক মোস্তফা সিকদার, ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মামুন ফরাজী, আফজাল হোসেন সরদার, নাজমুল আলম রাজু গাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, যুব সংহতির আহ্বায়ক শহীদুজ্জামান রাজু, সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের সদস্য সচিব সালাউদ্দিন রাহাত জোমাদ্দার, ভাণ্ডারিয়া কলেজ ছাত্র সমাজের আহ্বায়ক জহিরউদ্দিন অন্তু সরদার প্রমুখ। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি তাসমিমা হোসেন ও অন্য নেতৃবৃন্দ ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে বিকালে সংগঠনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ
গতকাল বাদ জুমা ভাণ্ডারিয়া পৌর শহরের তফাজ্জল হোসেন মানিক মিয়া জামে মসজিদ, কানুয়া জামে মসজিদ, আকন বাড়ি জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদারের উদ্যোগে এসকল দোয়া অনুষ্ঠানে জাতীয় যুবসংহতির উপজেলা আহবায়ক মো. শহীদুজ্জামান রাজু মল্লিক, ছাত্র সমাজের আরিফুল ইসলাম শিমুল আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা শরিক হন।
ইত্তেফাক/নূহু
