ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, দ্বীনি শিক্ষার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে ১০১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভাকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন এবং বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক ইস্তাম্বুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বদিউজ্জামান সাঈদ নুরসীর জীবন ও চিন্তা এবং দ্বীনি শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি এবং তুরস্কের সংসদ সদস্য ও ইস্তাম্বুল ফাউন্ডেশনের পরিচালক সাঈদ ইউসি।
মতিউর রহমান বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়েছে। ইসলামের প্রচার-প্রসার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের অতুলনীয় দৃষ্টান্ত। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/কেকে
