ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসাহ উদ্দীপনা ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৩ দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা। শনিবার সোয়া ১১টায় মুসলিম উম্মাহসহ সমগ্র মানব জাতির শান্তি কামনার মাধ্যমে শুরু হয় আখেরি মোনাজাত। প্রায় লক্ষাধিক মুসল্লির অংশ গ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জেলা ইজতেমা।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলার চর কমলাপুর মাদরাসার মুহাদেস মাওলানা মো. হাবিবুর রহমান।
জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে মাঠে শুরু হয় এ ইজতেমা। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকাসহ আশেপাশের জেলার মুসল্লিরাও এতে অংশ নেন। ইজতেমায় মানুষের ইহকাল ও পরকালের কল্যাণে গুরুত্বপূর্ণ বয়ান করা হয়।
ইত্তেফাক/এমআই
