খুলনায় অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৭
খুলনায় অগ্নিদগ্ধ হয়ে শান্তা দাস (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামে এ ঘটনা ঘটে। শান্তার স্বামী পূর্ব রূপসা বাজারের একজন কসমেটিক্স ব্যবসায়ী।
 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, শনিবার দুপুরের ভাত খাওয়ার পর বিকাল সাড়ে ৩টার দিকে শান্তার স্বামী কৃষ্ণপদ দাস, তাদের ৯ বছরের মেয়ে দেবশ্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে বিশ্রাম নিতে যায়। আর ভাত খাওয়ার পর থালা-বাসন পরিষ্কার করতে বাড়ির পাশে যান শান্তা দাস। প্রায় আধা ঘণ্টা পর বাড়ির থেকে ১০০ গজ দূরে বাঁশবাগানে শান্তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে  গিয়ে দেখেন তার শরীর জুড়ে আগুন জ্বলছে। তারা আগুন নেভানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই শান্তার মৃত্যু হয়। 
 
কৃষ্ণপদ দাস বলেন, তার সঙ্গে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের মেয়ে শান্তার ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের তিন বছর পর থেকে তার স্ত্রীর মানসিক রোগ দেখা দেয়। তারপর থেকে তাকে চিকিৎসা করানো হয়েছে। তাদের মধ্যে কোনো দাম্পত্য কলহ ছিল না।
 
শান্তার ভাই পল্লভ কুমার হালদার বলেন, তার দিদি শান্তা বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। খবর পেয়ে তিনি দিদির শ্বশুর বাড়িতে এসে দেখেন সে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।
 
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গায়ে আগুন দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে গায়ে কেরোসিন ঢালার আলামত পাওয়া গেছে।
 
ইত্তেফাক/ইউবি