হাতে ভর দিয়েই পরীক্ষা কেন্দ্রে সবুজ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৯
সবুজ হালদার (১৬)। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তাতে কি হয়েছে? হাতের উপর ভর দিয়েই চলাফেরা করে। আর এভাবেই চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য এ শিক্ষার্থী। সবুজ উপজেলার নতুন বান্দুরা গ্রামের নাট্টু হালদারের বড় ছেলে।
 
জন্ম থেকেই সবুজ শারিরীক প্রতিবন্ধী। পঙ্গুত্ব নিয়েই পৃথিবীতে আসে সে। কিন্তু শারিরীক প্রতিবন্ধকতা দমাতে পারেনি অদম্য আত্মবিশ্বাসী সবুজকে। লক্ষ্যের প্রথম সিঁড়িতে পা রেখেছে সে। বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
 
রবিবার পরীক্ষা শেষে কেপি স্কুল কেন্দ্র থেকে বের হওয়ার সময় দু’হাতের উপর ভর করে স্বপ্ন পূরণে এগিয়ে চলা সবুজের সঙ্গে কথা হয়। সবুজ বলে, ‘হাতের উপর ভর করে চলতে আমার খুব একটা কষ্ট হয় না। আমার বিষয় ব্যবসায়ী শিক্ষা। পরীক্ষা ভালই দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে ভাল ফল করতে পারি। লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই। কারও বোঝা হয়ে বাঁচতে চাই না। আমি সবার মতো সমাজে মাথা উঁচু করে চলতে চাই।’
IMG0
সবুজের বাবা বলেন, সবুজ জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধী। ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্কুলে যেত। কখনো স্কুল বন্ধ দেয়নি। গরীব মানুষ গাড়ি ভাড়া দিতে পারতাম না। তাই দু’ হাতের উপর ভর করেই স্কুলে যেতে হতো ওকে। লেখাপড়ার প্রতি ওর আগ্রহ দেখে শত কষ্টের মাঝেও আনন্দে বুক ভরে যায়।
 
বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার নিপু হিউবার্ট রোজারিও বলেন, ‘আমরা কখনো ওকে প্রতিবন্ধীর চোখে দেখিনি। ওর স্বভাব চরিত্র খুবই ভাল এবং বিনয়ী। আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি সবুজকে সহযোগিতা করার। ওর একটা ভাল গুণ হলো, কখনো স্কুল ফাঁকি দিতো না। ওর লেখাপড়ার ইচ্ছাশক্তি অনেক। আশা করি- ভালো ভাবেই এসএসসি পাস করবে।’
 
ইত্তেফাক/ইউবি