খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৭
কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের গভার্নিং বডির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র ও হুমকি ধামকি দিচ্ছে। তাতে কোনো লাভ হবে না। কারণ নির্বাচন যথা সময়ে শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। 
 
তিনি বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের বিচার চলছে। আদালতের নিয়মেই বিচার হচ্ছে। এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই। আদালত আইনের গতিতেই খালেদার বিচার করবে। 
 
রবিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
ইনু আরো বলেন, বিএনপির নেত্রী আদালত মানেন না, বিচার মানেন না, সংবিধান মানেন না। বিএনপি জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের সেই স্বপ্ন কখনই বাস্তবায়ন হবে না। বিএনপি-জামায়াত আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করেছে। গণতান্ত্রিক নির্বাচনের সঠিক কোনো রূপরেখা তিনি দিতে পারেনি। 
 
বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাসেল মিয়া, অতিরিক্তি সহকারী পুলিশ সুপার নূরানী ফেরদৌসী দিশা, কেন্দ্র কমিটির সহসভাপতি শফি উদ্দীন শেখ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভেড়ামারা কলেজের শিক্ষক, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল।
 
ইত্তেফাক/ইউবি