মাধবপুরে জাল স্ট্যাম্পসহ জালিয়াতির সরঞ্জাম উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৯
মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের এক দলিল লেখকের বাড়ি থেকে রবিবার দুপরে জাল স্ট্যাম্পসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সিলসহ বিস্তর জাল জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান মিলন।
 
জানা যায়, বেজুড়া গ্রামের মৃত নুর মিয়ার ছেলে তাউছ মিয়া মনু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে রুপকের জাল জাতিয়াতির বিরুদ্ধে এক লিখিত অভিযোগের ভিত্তিতে রুপক দত্তের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক  অভিযানে তার বসত ঘর থেকে জেলা রেকর্ড রুম, সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি), সেটেলমেন্ট কর্মকর্তা, কাননগো, রেভিনিউ অফিসার, নামজারি আবেদন, বিপুল পরিমাণ দলিল ও জাল স্ট্যাম্প, ডিসিআর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের সীলসহ জাল জালিয়াতির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। 
 
এ সময় সহকারী কমিশনার(ভূমি) মো. মিজানুর রহমান মিলন, কানন গো আব্দুল মান্নান পাটোয়ারী, থানার এসআই শহিদুল ইসলাম ও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান উপস্থিত ছিলেন। রুপক দত্ত চারাভাঙ্গা সাব রেজিস্ট্রার অফিসের ১৩৪নং সনদপ্রাপ্ত  একজন দলিল লেখক। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, রুপক দত্তের মাধ্যমে একটি জালিয়াতি চক্র দীর্ঘদিন ধরে জালিয়াতির কাজ করছে। এতে ভূমি সংশ্লিষ্ট অফিস সমূহের লোকজন জড়িত রয়েছে। এ চক্রের জালিয়াতির কারণে অনেকেই হয়েছে ভিটে মাটি হারা। মাধবপুরে বৃদ্ধি পেয়েছে ভূমি সন্ত্রাস।  
 
উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান জানিয়েছেন, রুপক দত্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এমআই