ইরেশ-মিমের গায়ে হলুদে মিথিলার নাচ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩২
অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠানে নেচেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মিথিলা। মিথিলার বড় বোন মিম রশিদ।
 
শুক্রবার সন্ধ্যায় বনানীতে ইরেশ যাকেরের বাসায় রাত ৮টা থেকে শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠান। এ সময় গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া ও জয়িতা। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন ইরেশ যাকের ও মিম রশিদের খুব ঘনিষ্ঠ বন্ধু আর আত্মীয়স্বজন। রোববার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
IMG0
ইরেশের পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর নেপাল যাচ্ছেন নবদম্পতি। সেখানেই হবে বউভাতের আয়োজন। নেপালের আয়োজনটা খুব বড় পরিসরে নয়। পরিবার-পরিজনসহ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই থাকবেন সেখানে।
 
দর্শক-ভক্তদের প্রতি দোয়া চেয়ে ইরেশ বলেন, আমি আর মিম নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
 
উল্লেখ্য,কিংবদন্তি অভিনেতা আলী যাকের ও সারা যাকের দম্পতির একমাত্র ছেলে ইরেশ যাকের। অভিনেত্রী মিথিলার বড় বোন ও পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী হচ্ছেন মিম রশিদ।
 
ইত্তেফাক/ রেজা