বইমেলায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইল চেয়ার সেবা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৪

অমর একুশে গ্রন্থমেলায় অনেক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আসছেন। যারা পায়ে হেঁটে চলাফেরা করতে পারেন না। তাদের মেলা ঘুরে দেখার জন্য হুইল চেয়ারের মাধ্যমে সেবা প্রদানের স্বেচ্ছাশ্রমের কাজ করছে একটি সংগঠন। যার নাম সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ডিএমসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে পরিচালিত এ সংগঠনটি ২০১১ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। যার মধ্যে রয়েছে পথ শিশুদের শিক্ষা দান, পরিস্কার পরিছন্নতার ওপরে সচেতনতামূলক কর্মসূচি ইত্যাদি।

বইমেলাকেন্দ্রীক কার্যক্রমটি তারা গত দুই বছর ধরে চালিয়ে আসছে।

সংগঠনটির স্বেচ্ছাসেবক মুইনুল ফয়সাল জানান, এবারের মেলাতে ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য বিশেষ হুইল চেয়ার। হুইল চেয়ারগুলোর ব্যবস্থা করেছে বাংলা একাডেমি ও সিএসএফ গ্লোবাল। স্বেচ্ছাশ্রম দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা এবং শুক্রবারে সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত চলছে এই সেবা কার্যক্রম ।

ইত্তেফাক/নূহু