জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র ও হুমকি দিচ্ছে। তাতে কোনো লাভ হবে না। কারণ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে বিচার চলছে। আদালতের নিয়মেই বিচার হচ্ছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। গতকাল রবিবার ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শামছুল বারী। উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম ও প্রভাষক আকরামুল ইসলাম আকরাম।
‘নারীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর’
এদিকে মিরপুর সংবাদদাতা জানান, গতকাল মিরপুরে জাতীয় নারী জোট উপজেলা শাখার উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নারী জোটের আহ্বায়ক সুফিয়া খাতুন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ান ও উন্নয়নে বদ্ধপরিকর। তিনি যৌতুক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় নারী জোটের কেন্দ্রীয় সভাপতি আফরোজা হক রীনা, অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা প্রমুখ।
ইত্তেফাক/নূহু
