প্রিমিয়ার ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে নিয়ে কোচ মারুফুল হক অনেক কষ্ট করেছেন। যেটাই শিখিয়েছেন সেটা কোচের কথা মতো অনুসরণ করতে পারেননি তারা। যে কারণে অনেক ম্যাচ হাতের মুঠোয় হতে বেরিয়ে গেছে। এ সব নিয়ে অনেক আফসোস আছে মারুফুল হকের। প্রিমিয়ার লিগে আরামবাগ অষ্টম স্থান নিয়ে অভিযান শেষ করেছে। স্বাধীনতা কাপ ফুটবলে মারুফুল হকের সেই আরামবাগ ঝড় তুলেছে। লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে উড়িয়ে টুর্নামেন্ট হতে বিদায় করে দিয়েছে। ৩-০ গোলে হারিয়েছে আবাহনীকে। আরামবাগ আজ বিকালে স্বাধীনতা কাপ ফুটবল প্রথম সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লড়াই করবে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিগের রানার্সআপ দল। লিগে হেরেছিল মাত্র ৩ ম্যাচে। আর আরমাবাগ ২২ ম্যাচে ১১ খেলায় হারলেও তারা শেখ জামালের বিপেক্ষ লিগের দুটি ম্যাচে দারুণ লড়াই করেছে। শেখ জামালকে ঘাম ঝরিয়ে দিয়েছিল আরামবাগ। প্রথম পর্বে ৩-১ গোলে এবং ফিরতি পর্বের খেলায় শেখ জামাল ৬-৪ গোলে আরামবাগকে হারায়। হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেই ম্যাচে বেঁচে গিয়েছিল শেখ জামাল। আজ সেই জামালের বিপক্ষেই আরামবাগের লড়াই। আবার আরামবাগের সুযোগ। তবে এবার হারলে বিদায় আর জিতলে ফাইনাল। হিসাবটা খুব একটা সহজও না। বুঝতে পারছেন শেখ জামালের কোচ মাহবুব হোসেন রকসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে এই কোচ আরামবাগের কথাই বলছিলেন। ওরা (আরামবাগ) অনেক ভালো দল। আবাহনীকে যেভাবে হারিয়েছে। তা দেখেছে সবাই। প্রমাণ করেছে তারা পারে।’
আরামবাগ আবাহনীর বিপক্ষে প্রথমার্ধেই ৩ গোল করেছিল। সেটা নিয়ে ভয় আছে শেখ জামালের কোচ রকসির। সেমিফাইনাল খেলায় সুযোগ আসবে কম। সেটা কাজে লাগাতে মরিয়া রকসি। বলছিলেন, ‘গোল করতে হবে। আমাদের স্ট্রাইকারদের মধ্যে ক্লিনিক্যাল ফিনিশার নেই। বিদেশিরা সেকরম না। না থাকার মধ্যেও এখন দেশিদের নিয়ে স্বাধীনতা কাপে ভালো খেলছে নুরুল আবসার। স্কোর করছে। তারপরও সমস্যা আছে তারও।’
আরামবাগের কোচ মারুফুল হকের চোখে শেখ জামাল ভালো দল হলেও তার মতে তিনি বলেছেন, ‘এই দলটা নিয়েও ফাইনালে ওঠা সম্ভব।’ মারুফুলের কথা হচ্ছে শেখ জামাল যেমনই ভালো খেলুক। আমার দলের খেলোয়াড়রা যদি আমার পরিকল্পনা মতো খেলতে পারে তা হলে গোল পাওয়া সম্ভব। উয়েফা লাইসেন্সধারী এই কোচ জানেন বিদেশি খেলোয়াড় ছাড়া কোন দল কতোটুকু শক্তিশালী, কোথায় আছে দুর্বলতা। তারপরও দিন শেষে একটা ঠিক সেমিফাইনালে সবাই নিজের সর্বোচ্চটা উজাড় করে খেলবে। খেলা শুরু হবে বিকাল ৪টায়।
ইত্তেফাক/কেআই
