জমি দখল কেন্দ্র করে মোকছেদ আলী (৫৫) নামের এক কৃষককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ প্রেস ক্লাবের স্বঘোষিত সভাপতি-সম্পাদক বিরুদ্ধে। ঘটনার দিন গতকাল রবিবার রাতে সভাপতি গোলাম রাব্বানী সূর্য ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনিসহ তাদের আরও পাঁচ সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই কৃষক।
মামলা সূত্রে ও কৃষক মোকছেদ আলীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রবিবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর ধাপ গ্রামের ওই কৃষকের ২ একর ৪২ শতাংশ ফসলি জমিতে জোরপূর্বক হালচাষ করতে যান সভাপতির ভগ্নীপতি শামিম হোসেন। দাবি করেন, উত্তর মথুরাপুর গ্রামের মোসলেম উদ্দিন নামে একজনের কাছ থেকে জমি লিজ রেখেছেন তিনি। এ খবর জেনে জমির মূল মালিক মোকছেদ আলী বাধা দিলে হালচাষ বন্ধ রাখেন। দুপুর ১টার দিকে মোকছেদ আলী তাড়াশ বাজারে এলে সভাপতি গোলাম রাব্বানী সূর্য টান হেঁচড়া করে তাকে প্রেস ক্লাবে ধরে নিয়ে যান। পরে ক্লাবের দুই দরজা বন্ধ করে তিনি ও সম্পাদক রফিকুল ইসলামসহ তাদের ৫ সহযোগী বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। ডাক চিৎকারে বাজারের লোকজন উদ্ধার করে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আঘাতজনিত কারণে তার বাম হাতে ব্যান্ডেজ দেওয়া হয়। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় কৃষক মোকছেদ আলী রাতেই তাড়াশ থানায় বাদী হয়ে সভাপতি গোলাম রাব্বানী সূর্য, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের আরো দুই সদস্য মো. সুলতান মাহমুদ, মোহসীন আলীসহ ৭ জনের নামে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সভাপতি গোলাম রাব্বানী সূর্যর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সম্ভব হয়নি। তবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, তিনি মারধরে জড়িত নন। প্রেস ক্লাবে বসে ছিলেন মাত্র।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, মামলার তদন্ত কাজ ও আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছেন পুলিশ।
ইত্তেফাক/এসএস
