খালেদাকে স্বাগত জানাতে এসে সাখাওয়াত-আজাদসহ গ্রেফতার ৬

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৩
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ছয়জন গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটমুখী মহাসড়কের পাচঁরুখী এলাকাতে অবস্থান করছিলেন নজরুল ইসলাম আজাদ। এ সময় তাকে ও আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়।
 
এছাড়াও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলে মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়।
 
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আজাদ সমর্থিত নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করার চে্ষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 
প্রসঙ্গত, হযরত শাহজালাল (র.) এবং শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল সোয়া নয়টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা দেন। খালেদা জিয়ার গাড়িবহরে দলের সিনিয়র নেতারাও রয়েছেন। তাকে স্বাগত জানাতেই এসেছিলেন এসব নেতাকর্মী।
 

ইত্তেফাক/এএম