কৃষক হত্যা মামলায় নুরুল আমিন খাঁ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া দু'জনকে যাবজ্জীবন এবং তিনজনকে এক বছর করে কারাদণ্ড এবং আরও তিনজনকে খালাস প্রদানও করেছেন আদালত।
আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে আল আমীন খাঁ এবং তৌফিত খাঁ। এক বছর করে দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- সুলতু খা, কাজল খা এবং তাজুল ইসলাম। খালাস প্রাপ্তরা হচ্ছেন- নূর আহমেদ, সবুজ চৌধুরী এবং অলি চৌধুরী।
মামলা সূত্রে জানা গেছে, নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফ ২০১৩ সালের ১৬ জুন তার জমিতে পানি সেচের জন্য শ্যালো মেশিন (সেচ যন্ত্র) বসাতে গেলে নুরুল আমিন গংদের সাথে বিবাদ হয়। এক পর্যায়ে আসামিরা সংঘবদ্ধভাবে লতিফের উপর চড়াও হয় এবং তাকে কুপিয়ে হত্যা করে। এই ব্যাপারে তার স্ত্রী শেফালী আটপাড়া থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দায়ের করলে বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে এ রায় প্রদান করেন।
সরকার পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রদীপ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।
ইত্তেফাক/এসএস
