পিউ দাস একজন শারীরিক প্রতিবন্ধী। ছোট-খাট এ প্রতিবন্ধীর উচ্চতা মাত্র আড়াই ফুট। শারীরিক কারণে সে একা চলাফেরা করতে পারে না। মায়ের কোলেই তার চলাফেরার একমাত্র ভরসা। তার মা তাকে প্রতিদিন কোলে করে চলাফেরায় সাহায্য করেন। নিয়ে যান বিদ্যালয়ে। এবারে সে দিচ্ছে এসএসসি পরীক্ষা। এভাবে অসম্ভবকে সম্ভব করে এগিয়ে যাচ্ছে পিউ দাশ। লেখাপড়ার পাশাপাশি সে শিখছে কম্পিউটার।
জানা যায়, পিউ দাস চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান তহশীলদার পাড়ার রনজিত দাস ও কৃঞ্চা দাসের মেয়ে। জন্মের ছয় মাস পর থেকে পিউ দাস অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসায় প্রচুর টাকা খরচ করেও তার শরীরের স্বাভাবিক বিকাশ হয়নি। তিন ভাই-বোনের মধ্যে সে মেজ। সুখছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে সাফল্যের সঙ্গে পাশ করে পিএসসি। তারপর ভর্তি হয় সুখছড়ী উচ্চ বিদ্যালয়ে। তার মা কোলে করে তাকে বিদ্যালয়ে নিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করান।
বর্তমানে সে সুখছড়ি উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেন্দ্র লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়। বসা ও লেখার সুবিধার্থে কেন্দ্রে তার জন্য আলাদা ফোম সমৃদ্ধ সোফার ব্যবস্থা করা হয়। মা প্রতিদিন তাকে কোলে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, পিউ দাসের মতো প্রতিবন্ধীরা অসহায় নয়, দেশের সম্পদ। পড়ালেখার প্রতি অদম্য ইচ্ছার কারণে পিউ দাস এসএসসি পরীক্ষা দিচ্ছে। একটু সহমর্মিতা পেলে সে বড় হতে পারবে। ইতিমধ্যে তাকে একটি ল্যাপটপ দেয়া হয়েছে। ভবিষ্যতে তাকে আরো সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে
