বগুড়ার শেরপুরে গোঁরতা গ্রামে আজ সোমবার দুপুরে একটি পুকুর খননের সময় ১০ মণ ওজনের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১শ কোটি টাকা বলে জানা গেছে। উদ্ধার হওয়া মূর্তিটি দেখার জন্য সেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামে মণ্ডল গ্রুপ একটি পুকুর খনন করছিল। এ সময় ব্যাকো দিয়ে ওই পুকুরে আজ সকাল থেকে মাটি খনন করছিল। হঠাৎ দুপুর ২ টার দিকে মাটি খননের সময় ব্যাকোর সঙ্গে বিশাল আকৃতির একটি মূর্তি বের হয়। পরে সেটি মাটির উপরে তুলে দেখা যায়, এটি একটি প্রাচীনকালে তৈরি কষ্টি পাথরের নারায়ণ মূর্তি।
প্রত্যক্ষদর্শীরা প্রশাসনে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এক সময় এলাকাটি হিন্দু জমিদারদের ছিল। তাই এই ধরনের মূর্তি পাওয়া সম্ভব।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, চারশবছর আগের হিন্দু জমিদারদের পূজার জন্য এই মূতিটি তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আমরা নিয়ম মাফিক প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করব।
ইত্তেফাক/কেকে
