মিয়ানমারকেই সংকটের সমাধান বের করতে হবে :প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার তার কার্যালয়ে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁঁলে বেরেসে’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠক শেষে যৌথ সংবাদ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে সুইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছি। আমি সুইস প্রেসিডেন্টকে বলেছি এই সমস্যার গোড়া (মূল) মিয়ানমারে। তাই মিয়ানমারকেই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি এক্ষেত্রে কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ এবং অবিলম্বে বাস্তবায়নের ওপর জোর দেন। কারণ এটি রোহিঙ্গা শরণার্থীদের সফলভাবে নিজ দেশের বাড়িঘরে প্রত্যাবাসন এবং তাদের মর্যাদা ও নিরাপত্তার জন্য জরুরি। তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন ফোরামে এবং এর বাইরেও রোহিঙ্গা সংকটের বিষয়ে সুইজারল্যান্ডের ভূমিকার প্রশংসা করেছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুইজারল্যান্ডও সংকটের শান্তিপূর্ণ দ্রুত সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে। শেখ হাসিনা এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার উপর জোর দেন। শেখ হাসিনা বলেন, তারা টেকসই উন্নয়নের ২০৩০ সালের এজেন্ডা নিয়ে আলোচনা করেছেন, যা নতুন বিশ্বায়ন অংশীদারিত্ব তৈরিতে আমাদেরকে একটি অপূর্ব সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশ যৌথভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে (এমওইউ) সম্মত হওয়ায় আমি আনন্দিত হয়েছি।

সুইস প্রেসিডেন্ট তার বিবৃতিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গাদের সহায়তার জন্য ১২ মিলিয়ন সুইস ফ্রাংক (প্রায় ১২ মিলিয়ন ডলার সমতুল্য) প্রদানের ঘোষণা দেন। তিনি বলেন, এটি হবে গত অক্টোবরে রোহিঙ্গাদের জরুরি মানবিক সাহায্য হিসেবে সুইজারল্যান্ড প্রতিশ্রুত ৮ মিলিয়ন ডলারের অতিরিক্ত। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে সুইস প্রেসিডেন্ট বলেন, গত সাত বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়েছে এবং তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, এই বাণিজ্য এবং বিনিয়োগ ভবিষ্যতে একটি নতুন উচ্চতায় পৌঁছবে।

পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, বৈঠকে দু’দেশের মধ্যে সব ধরনের সম্পর্ক উন্নয়নের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি। তিনি বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। তিনি বলেন, দু’দেশই এসডিজি বিষয়ে সহযোগিতার জন্য একটি দলিল স্বাক্ষরে একমত হয়েছে। কোন উন্নত দেশের বাংলাদেশের সঙ্গে এ ধরনের দলিল স্বাক্ষরে সম্মতির ঘটনা এই প্রথম।

ব্রিফিংয়ে-সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও এ সময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু এবং শহীদদের প্রতি সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের শ্রদ্ধা

সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট গতকাল ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সুইস প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

ইত্তেফাক/নূহু