বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য বিপদ :ইনু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৪

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন- যারা মুক্তিযুদ্ধ মানে না, সংবিধান মানে না তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও বাংলাদেশবিরোধী শক্তির মূল ঘাঁটি বিএনপি। বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপি একটি বিপদ। ১৯৭৪ সালের ৩ ফেব্রুয়ারি যশোরের নিজ বাসভবনে গুপ্তঘাতকদের গুলিতে নিহত মুক্তিযুদ্ধের সংগঠক এড. মোশারফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

মোশারফ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাসদ সভাপতি বলেন, মোশারফ হোসেন বঙ্গবন্ধুর ৬ দফা দাবির প্রতি সমর্থন প্রদান করে আন্দোলনকারী হাতে গোনা গুটি কয়েকজন নেতার মধ্যে অন্যতম। তিনি স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাসদ গঠনেও অগ্রণী ভূমিকা পালন করেন। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।

ইত্তেফাক/নূহু