ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ৩নং নতুন ইউপি ভবনটি উদ্বোধনের ছয় বছর পার হলেও সংশ্লিষ্টদের অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। জানা যায়, হস্তান্তরের ছয় ছয়টি বছর পার হলেও ওই ভবনে পরিষদের কোনো কার্যক্রম পরিচালনা না করায় দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে অর্ধ কোটি টাকার বেশি মূল্যের সরকারি সম্পদ। সরেজমিনে গিয়ে দেখা যায় জনসাধারণের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০১১ সালে ৬০ লাখ ১৫ হাজার ৪৭০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয় এবং ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজি নিলুফার জাফরউল্লাহ ভবনটির উদ্বোধন করেন।
কিন্তু বছরের পর বছর পার হলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা নানা অজুহাত দেখিয়ে নতুন এই ভবনটি ব্যবহার না করে সদর বাজারে পার্শ্বে অবস্থিত ১৯৬৫ সালে তৈরি করা দুই কামরাবিশিষ্ট ভাঙা-চোরা পুরাতন ভবন মেরামত করে চালিয়ে যাচ্ছে পরিষদের কার্যক্রম। যেখানে জায়গার অভাবে গ্রাম্য শালিস ও ত্রাণ নিতে আসা মানুষের ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দু’দিন আগে সদর ইউনিয়নের বি.এস.ডাঙ্গী হেলিপোর্ট সংলগ্ন নতুন ভবনটি ঘুরে দেখা যায় তদারকির অভাবে ভেতরে থাকা আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম, ভেন্টিলেটর ও ছাদের টালিসহ চুরি হয়ে গেছে মূল্যবান অনেক মালামাল।
স্থানটি ব্যবহার হচ্ছে খেলার মাঠ ও গো-চারণভূমি হিসেবে। নতুন এ ভবনটি কেন ব্যবহার করা হচ্ছে না জানতে চাইলে সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান বলেন সদর বাজার হতে নতুন ইউপি ভবনটি প্রায় এক কি.মি. দূরে তাছাড়া গাড়ি ভাড়া দিয়ে ঐখানে সাধারণ মানুষ যেতে চায় না। ইতোমধ্যে ভবনটিতে পরিষদের কয়েকটি কার্যক্রম পরিচালনা করতে ব্যবহার উপযোগী করার কাজ শুরু হয়েছে, সরকারি সম্পদ রক্ষায় ভবনটিকে সচল করার লক্ষ্যে দু’এক মাসের মধ্যে নতুন ভবনে ইউনিয়ন পরিষদের কয়েকটি সেবামূলক কার্যক্রম চালু করা হবে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।
ইত্তেফাক/নূহু
