পাবনার ছাতিয়ানীতে ফয়সাল হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার রাতে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহত ফয়সাল ছাতিয়ানী পূর্বপাড়া মহল্লার ফখরুল ইসলামের ছেলে। এছাড়াও এ হামলায় আহত রনি একই এলাকার রইস উদ্দিনের ছেলে।
জানা গেছে, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে ফয়সাল ও রনির সঙ্গে তাদেরই লোকজনের বিরোধ চলছিল। এরই জেরে সোমবার রাত একটার দিকে ছাতিয়ানী পূর্বপাড়া মহল্লায় বাড়ির সামনে রনিকে এবং ফজলে রাব্বী স্কুলমাঠে ফয়সালকে কোপায় তাদের সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তবে রাতের অন্ধকারে ফয়সালকে খুঁজে পায়নি স্বজনরা। পরে মঙ্গলবার সকালে ফজলে রাব্বী স্কুলমাঠে ফয়সালের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ বলছে, নিহত ফয়সাল ও আহত রনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে সহযোগীরাই ফয়সালকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/এএম
