পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মনির (৪৫) ও ছায়েম (৩৫) নামের দুই সহোদর ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার আলগী পাতাকাটা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত দুই সহোদর ভাই চিত্রা পাতাকাটা গ্রামের মৃত. আতাহার আলী হাওলাদারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার আলগী পাতাকাটা বাজারে গতকাল সন্ধ্যা ৭টার দিকে আহতদের বড় ভাই শাজাহান হাওলাদারের দোকানের সামনে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষ একই বংশের ভাই জাকির হোসেন ও তার ভাইর ছেলে রাজুর সাথে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শাজাহানের ছোট দুই ভাই বাজারে এলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে।
মঠবাড়িয়া থানার পুলিশ উপ-পরিদর্শক শাহনেওয়াজ পারভীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এসএস
