ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতালে রোটারি ক্লাবের কিডনি ডায়ালাইসিস মেশিন প্রদান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৩
'গরিব রোগীদের জন্য কিডনি ডায়ালাইসিস' এমন স্লোগানকে সামনে রেখে রোটারি ক্লাব অফ ঢাকা উত্তর-পশ্চিম একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অধীনে রাজধানীর ধানমন্ডি জেনারেল ও কিডনি  হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নতুন একটি কিডনি ডায়ালাইসিসি মেশিন হস্তান্তর করেছে রোটারি সদস্যরা। 
 
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সেক্রেটারি নাহার ফেরদৌসি বেগম, চেয়ারপার্সন ও সাবেক সংসদ সদস্য কাজী শাম্মী শের, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, লায়লা রোজী, হিলেন মজিদ, শাহীনুর পারভীন, আজাদুল হক, মনোয়ারা বেগম ও হাবিবা খাতুন। কিডনি মেশিন গ্রহণ করেন হাসপাতালের এমডি ডা. ইউসুফ হোসেন নূর। 
 
এর ফলে এখন থেকে ওই হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত গরিব রোগীরা নামমাত্র মূল্যে সুচিকিৎসা পাবে। জানা গেছে, একই হাসপাতালে বড় পরিসরে রোগীদের চিকিৎসাসেবা দেয়ার জন্য শিগগির আরো দুটি কিডনি ডায়ালাইসিস মেশিন  প্রদান করা হবে।
 
এ প্রসঙ্গে ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতালের ম্যানেজার ইশতিয়াক হোসেন বলেন,  আমাদেরকে বরাবরই রোটারি ক্লাব সহায়তা করে, ফলে আমরা গরীব রোগীদের নামমাত্র মূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা দিতে পারি।