সরকার উচ্ছেদের ষড়যন্ত্র : বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৫
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে নির্বাচিত গণতান্ত্রিক সরকার উচ্ছেদের ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ এনে ঝিনাইদহ থানায় একটি মামলা করেছে পুলিশ। সোমবার ঝিনাইদহ সদর উপজেলা কাতলামারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান বাদী হয়ে এ মামলাটি করেন।
 
ঝিনাইদহ সদর থানার ওসি মো. এমদাদুল হক শেখ জানান, সোমবার ভোরে সদর উপজেলা নগরবাথান সরকারি প্রাইমারি স্কুল মাঠে মসিউর রহমানের নির্দেশে ও পরিকল্পনায় বিএনপি ও জামায়াত কর্মীরা এক গোপন বৈঠকে বসে। বৈঠকের উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর  কাজে বাঁধা সৃষ্টি ও তাদের  মধ্যে ভীতি সৃষ্টি,  জন নিরাপত্তা বিঘ্নিত করা ও শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে জনগণের মাঝে অতংক সৃষ্টি করা। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালাতে গেলে বৈঠকে আগতরা পালিয়ে যায়। সেখানে হাতবোমার বিষ্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত  হাতবোমা উদ্ধার করে।  মামলার এজাহারে ২৫ জনের নাম উল্লেখ করা করা হয়েছে। আরো ৮০- ৯০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি