দেবগ্রামে পদ্মা পাড় থেকে মাটি কেটে চলছে ব্যবসা!

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:২২

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় এলাকার পদ্মা নদীর পাড় থেকে মাটি কেটে স্থানীয় একটি প্রভাবশালী চক্র বেশ কিছুদিন ধরে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে প্রতিদিনই নদীতীর ভেঙে চলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষাকালে এমনিতে পদ্মা নদীর পাড় ভাঙে। বিশেষ করে যদি নদীতে স্রোত থাকে এবং স্রোতের টানে বাতাস পেলে এই ভাঙন আরো তীব্র হয়। ভাঙনে কয়েক বছরে দেবগ্রাম ইউপির দুই নম্বর ওয়ার্ড অন্তারমোড়, চর দেলন্দি, ভবানীপুর, দেবগ্রামের অংশ বিশেষ, কাওয়ালজানি ও ছোট জলো গ্রাম বিলীন হয়েছে। এসব গ্রামের অধিকাংশ পরিবার ভাঙনের কবলে পড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ‘দীর্ঘদিন ধরে বিষয়টি দেখেছি, শুনেছি। অনেক সমস্যা আছে। এভাবে নদীর পাড় কেটে নেওয়ায় বর্ষাকালে ভাঙন আরো বাড়বে। মাটি কাটা বন্ধ না করলে আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, এটা বড় ধরনের অপরাধ। এভাবে মাটি কাটা যাবে না। মাটি কাটা বন্ধে দুই-একদিনের মধ্যে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

ইত্তেফাক/নূহু