জেরার্ড পিকেকে নিয়ে উত্তাল ফুটবল দুনিয়া। আর সেই বিতর্কে জড়িয়ে গিয়েছেন শাকিরাও। লা লিগায় এস্পানিয়লের বিপক্ষে গোল করে মুখে আঙুল রাখার অঙ্গভঙ্গি করেছিলেন পিকে। যার অর্থ, তিনি দর্শকদের চুপ করতে বলছিলেন। যা দেখে কেউ খুব একটা খুশি হননি। লা লিগা কর্তৃপক্ষ পিকের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এবং দোষী প্রমাণিত হলে তিনি এক থেকে তিন ম্যাচে নির্বাসিত হতে পারেন।
এস্পানিওলের ফুটবলভক্তরা যেভাবে তার বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন, তা নজিরবিহীন। এমনকি, শাকিরাকেও ছাড়া হয় না। এবারের লা লিগা ম্যাচেও শাকিরার উদ্দেশে খুব খারাপ ব্যানার তুলে ধরা হয়েছিল গ্যালারিতে। স্প্যানিশ ভাষায় লেখা ব্যানারের একটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শাকিরা সবার’। তাঁদের সন্তান মিলানকে নিয়ে পর্যন্ত খারাপ স্লোগান দিতে ছাড়েনি এই সব সমর্থকেরা।
IMG0
সম্ভবত সে সব দেখেশুনেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন পিকে। তাই গোল করার পর দর্শকদের চুপ করতে বলছিলেন। ক্ষুব্ধ পিকে যে কারণে ম্যাচের পরে বলেন, ‘গোলটা করার পরে ন্যূনতম যেটা করা উচিত ছিল, সেটাই করেছি। ওদের চুপ করতে বলেছি। তবে বেশি করে ওদের ক্লাবের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল আমার।’
পিকের শাস্তি পাওয়ার সম্ভাবনা থাকলে, এস্পানিওল সমর্থকেরাও ছাড় পাচ্ছেন না। ক্লাবের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে, কারা শাকিরার উদ্দেশে আপত্তিজনক ব্যানার নিয়ে এসেছিল। ক্লাবের পক্ষ থেকে শাকিরার বিরুদ্ধে আপত্তিজনক ব্যানার নিয়ে আসা সমর্থকদের শাস্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। আগামী কয়েকটি ম্যাচে এই সব দর্শকরা প্রবেশাধিকার হারাতে পারেন।
ইত্তেফাক/কেআই
