টেলিভিশন নাট্যকার সংঘের উদ্যোগে ‘নাটক রচনা শৈলী’ কোর্স শুরু ২ মার্চ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৫
 
টেলিভিশন নাট্যকার সংঘের উদ্যোগে শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো তিন মাস মেয়াদী নাটক রচনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ‘নাটক রচনা শৈলী’। নাটক রচনা প্রশিক্ষণ কর্মশালার ঘোষণা প্রদান উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় মগবাজারস্থ টেলিভিশন নাট্যকার সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানান, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা, সহ-সভাপতি বৃন্দাবন দাশ ও প্রশিক্ষণ কোর্সের আহবায়ক এজাজ মুন্না।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন মাসব্যাপী এই কর্মশালায় প্রথম সেশন শুরু হবে আগামী ২ মার্চ। ক্লাস চলবে সপ্তাহের শুক্রবার (বিকাল ৪টা থেকে রাত ৮টা) এবং শনিবার (বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা) পর্যন্ত। প্রশিক্ষণ দিবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত নাট্যকারবৃন্দ। পান্ডুলিপি সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করবেন স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান প্রধান, নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীগণ।
 
আবেদনপত্র পাওয়া যাবে ৭ ফেব্রুয়ারি থেকে নাট্যকার সংঘের কার্যালয় ২০ নিউ ইস্কাটন (চতুর্থ তলা), ঢাকা এবং নাট্যকার সংঘের ওয়েবসাইটে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র দেয়া হবে ও সেরা তিনটি চিত্রনাট্য দিয়ে স্বনামধন্য পরিচালকরা নাটক নির্মাণ করবেন।
 

ইত্তেফাক/এএম