সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রী হলেন- সদর উপজেলার কাথণ্ডা গ্রামের হাজী আব্দুল মাজেদ (৫৫)। আহতরা হলেন, অরিন (৪৫), রওশন আরা (৩৫), মমতাজ (৩০), শরিফা খাতুন (৩৫), সালেহা (৩৫), প্রতিমা (২৮) সহ মোট ১০ জন।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামকস্থানে পৌঁছুলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে গাড়িটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
