কেন্দ্রে প্রশ্নপত্র দিতে গিয়ে আটক, ৩ ছাত্রের কারাদণ্ড

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৯
পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র সরবরাহের চেষ্টা করায় তিন কলেজছাত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
 
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে ও মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুব্রত বিশ্বাস (২৪), সদর ইউনিয়নের টিএন্ডটি এলাকার বাবলু মোল্লার ছেলে ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সম্প্রতি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করা সুমন মোল্লা (২৩) এবং জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামের ক্ষিরোদ চন্দ্র ঘোষের ছেলে ও বালিয়াকান্দি কলেজের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থী সজীব ঘোষ (১৯)।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা জানান, সকালে ওই কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শুরুর আগে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহের চেষ্টা করছিলো সুব্রত, সুমন ও সজীব। এসময় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সুব্রত ও সুমনকে ছয় মাস করে এবং সজীবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
 
ইত্তেফাক/এসএস