বিদ্যুৎ চুরি : ব্রাহ্মণবাড়িয়ায় ৪ প্রকৌশলীকে শোকজ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫২
ব্রাহ্মণবাড়িয়ার একটি অটোরিকশা গ্যারেজে খুটি স্থাপন করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির ঘটনায় চার প্রকৌশলীকে শোকজ এবং তিরস্কার করেছে কুমিল্লাস্থ বিদ্যুৎ আদালত। 
 
বুধবার কুমিল্লাস্থ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোজাহিদুর রহমানের আদালতে ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শওকত আলী, সহকারী প্রকৌশলী হেবজুল বারী, উপসহকারী প্রকৌশলী রাসেল সরকার, উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন তাদের আওতাধীন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য কারণ দর্শাতে আদালতে হাজির হলে আদালত তাদের তিরস্কার করেন। 
 
জানা গেছে, সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে বড়াইল আমিনপুর পূর্বপাড়ায় মাইনউদ্দিন এর অটো গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ খুটি স্থাপন করে অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় আদালত ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শওকত আলী, সহকারী প্রকৌশলী হেবজুল বারী, উপ সহকারী রাসেল সরকার, উপসহকারী নাসির উদ্দিন এর বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেন। বুধবার সেই নির্দেশের আলোকে ৪ প্রকৌশলী আদালতে হাজির হলে আদালত তাদের তিরস্কার করেন।
 
ইত্তেফাক/ইউবি