বগুড়ার মহাস্থানগড়ের রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিখোঁজ এবং টাকা আত্মসাতের ঘটনার তিনদিন পর ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে।
বুধবার বিকেলে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যনেজার (ডিজিএম) সরদার মো. হাবিবুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় রূপালী ব্যাংক মহাস্থান শাখার নিখোঁজ ব্যবস্থাপক জোবায়েনুর রহমান এবং স্থানীয় ব্যবসায়ী আজমল হোসেনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, নিখোঁজ জোবায়েনুর রহমান বিভিন্ন সময় পে অর্ডার থেকে ভুয়া ঋণ সৃষ্টি করে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা আত্মসাত করেন। তাকে সহযোগিতা করেন ব্যবসায়ী আজমল হোসেন।
বগুড়া অঞ্চলের ডিজিএম সরদার মো. হাবিবুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে ওই পরিমাণ টাকা জালিয়াতি করে আত্মসাৎ করার সত্যতা মিলেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মহাস্থান হাটের ইজারাদার আজমল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিখোঁজ জোবায়েনুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, রবিবার বেলা ১১টায় রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়েনুর রহমান চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। ব্যাংক ম্যানেজার নিখোঁজ হওয়ার সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাংকে আমানত জমাকারী গ্রাহকরা তাদের হিসাব দেখার চেষ্টা করে এবং অনেকেই অভিযোগ করেন তাদের হিসাবের গড়মিল পাওয়া গেছে। পরে ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে।
ইত্তেফাক/আরকেজি
