বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নারায়ণগঞ্জকে। রাজধানীর পার্শ্ববর্তী জেলা হিসেবে অতি গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ জেলায় গতকাল বুধবার সন্ধ্যায় নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে এই বিজিবি মোতায়েন করা হয়েছে বলে দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘নারায়ণগঞ্জের নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব টহল দিচ্ছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সচেষ্ট আছে ও থাকবে।’
এদিকে, গতকাল বুধবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ ঢাকামুখী বিভিন্ন যানবাহন, গণপরিবহনে চলছে ব্যাপক তল্লাশী চালিয়েছে পুলিশ। নাশকতারোধে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলস্টেশনে পুলিশ ব্যাপক তল্লাশী চালায়। এ মহাসড়কটি দিয়ে ১৮টি জেলায় যানবাহন চলাচল করে থাকে।
নারায়ণগঞ্জ লিঙ্ক রোড়ের ৭টি স্থানে চেকপোস্টসহ মহাসড়ক, উপজেলা ও শহরের গুরুত্বপূর্ন সড়কগুলিতে যানবাহনে তল্লাশী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও নগরী জুড়ে র্যাব দিনভর মহড়া দেয়। আর জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/নূহু
