মান্দায় ইংরেজি দ্বিতীয়পত্রে ৮ শিক্ষকসহ ১৪জন বহিস্কার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৮

নওগাঁর মান্দায় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় নকলে সহায়তাসহ দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ জন শিক্ষককে অব্যাহতি ও অসদুপায় অবলম্বনের দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বুধবার উপজেলার জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয় ও কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব শিক্ষক ও পরীক্ষার্থীকে বহিস্কার করেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে ওই কেন্দ্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৭ শিক্ষককে।

এরা হলেন ভীমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আলম, খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, কর্ণভাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, পিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেন্দ্রনাথ, দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ মন্ডল, ফতেপুর বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, কালিকাপুর-চককালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আল মামুন।

অন্যদিকে জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের আয়া নাসিমা খাতুনসহ কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থী বহিস্কার ও সাহাপুকুরিয়া এএম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীকে অব্যাহতি প্রদান করা হয়। 

মান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ৬ পরীক্ষার্থী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহায়তার অভিযোগে ৮ জন শিক্ষককে কেন্দ্র থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ইত্তেফাক/নূহু