ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে অজ্ঞাত (৩০) এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই সড়কে ডাকাতির চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিনলাখপীর-চারগাছ সড়কে ডাকাতির জন্য একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ওই ডাকাত। এ সময় অটোরিকশার যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গণপিটুনি দিলে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
