নাশকতার আশঙ্কায় হাটহাজারীতে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের ২৫ নেতা-কর্মীকে আটক করছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তকিবুল হাসান তৌকিও রয়েছে। এর আগে বুধবার বিকালে আটক হওয়া বিএনপি’র ২২ নেতা-কর্মীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে আটককৃতদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
এদিকে গ্রেফতার আতঙ্কে উপজেলাধীন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা সোমবার থেকে গা ঢাকা দিয়েছে। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সবকটি স্পটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঠে সরব থাকতে দেখা গেছে। এছাড়া সকাল থেকে উপজেলায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা পরিলক্ষিত হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, বিস্ফোরক আইনে রুজু হওয়া মামলায় তকিবুল হাসান তৌকিকে আটক করা হয়েছে। এছাড়া নাশকতার আশঙ্কায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।যে কোন প্রকার নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ইত্তেফাক/এসএস
