মিরপুরের স্পিন বান্ধব উইকেটে রাজ্জাক-তাইজুলের ঘুর্নিতে মাত্র ২২২ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররাও হারিয়েছে দুই উইকেট। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে লাকমালের বলে তার হাতেই ক্যাচ দেন টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (০)। এরপরের ওভারের তৃতীয় বলে রানের খাতা না খুল দৃষ্টিকটু ভাবে রান আউট হয়ে ফিরে যান আগের ম্যাচের দুই ইনিংসেই শতক হাকানো মুমিনুল হক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান। ক্রিজে অপরাজিত আছেন ইমরুল কায়েস (০) ও মুশফিকুর রহিম (১)।
এর আগে দিনের ৬৬তম ওভারেই রাজ্জাক-তাইজুলের ঘুর্নি তোপে ২২২ রানেই গুটিয়ে যায় চান্ডিমালের দল। রাজ্জাক এবং তাইজুল- দু’জনই নিয়েছেন ৪টি করে ৮টি উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। এছাড়া রোশেন সিলভা ৫৬ রান করে লঙ্কানদের স্কোর ২০০ পার করে দেন।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনানঞ্জয়া ডি সিলভা, রোশান সিলভা, নিরোশান ডিকবেলা, দানুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনানঞ্জয়া, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গ লাকমাল
ইত্তেফাক/ রেজা
