আগামী মাসেই ভার বিষয়ে ঘোষণা দিবেন ফিফা সভাপতি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৫
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো বলেছেন, ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভার) আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নিবে ফিফার পরিচালনা পরিষদ। আসন্ন বিশ্বকাপে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে পক্ষে -বিপক্ষে এখনো বিশ্বব্যাপী চলছে বিতর্ক।
 
এ পর্যন্ত আনুমানিক একহাজার ম্যাচে পরীক্ষামুলকভাবে ব্যবহৃত হয়েছে ভার। যার মাধ্যমে ম্যাচে গোল দেয়ার গুরুত্বপূর্ণ মুহূর্ত, পেনাল্টির বিষয়ে সিদ্ধান্ত, সরাসরি লাল কার্ড প্রদানের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন ভুল ভ্রান্তি দূরীকরণে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা নেয়া হয়। 
 
তবে এর ব্যবহার নিয়ে বিশ্ব ব্যাপী ফুটবল ভক্ত এবং পন্ডিতদের মধ্যে বিতর্কের শেষ নেই। কেউ কেউ সরাসরি এর সামলোচনা করে বলেছেন, এটি ফুটবলের গতিকে কমিয়ে দেবে।
 
আজ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় ভার ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে ফিফা প্রধান বলেন,‘ ফিফা আইনের অংশ হিসেবে ভার প্রযুক্তি অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে আগামী ৩ মার্চ আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নেব ম্যাচে এর আনুষ্ঠানিক সহায়তা নেয়া হবে কিনা।’ এর আগে অবশ্য তিনি বলেছিলেন যে ভার ব্যবহারের পক্ষে মতামত যাবে বলে তিনি বেশ আশাবাদী। বাসস।
 
ইত্তেফাক/ রেজা