আলমডাঙ্গায় পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক আটক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৯


আলমডাঙ্গার নিরুত্তাপ রাজনৈতিক মাঠ থেকে উপজেলা বিএনপির সভাপতি, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পুলিশ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দেড়টার দিকে তাঁদেরকে আটক করা হয়। এর ক‘দিন আগে জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

আলমডাঙ্গা থানার প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, পাঁচলিয়া গ্রামের সারজেদ আলী মালিথার ছেলে মাওলানা সাইফুল ইসলামের বাড়িতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, নাশকতা সৃষ্টি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ষড়যন্ত্র চলছিল। এ অভিযোগে সন্দিগ্ধ হিসেবে এই তিন নেতাকে আটক করা হয়েছে।


আটকৃকতরা হলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আলহাজ্জ মোঃ মজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু।

এদিকে, উপজেলা বিএনপির অপরাংশের সভাপতি সহিদুল কাউনাইন টিলুর বাড়িতেও পুলিশ অভিযান চালায় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ সময় সহিদুল কাউনাইন টিলু বাড়িতে উপস্থিত ছিলেন না।

গতকাল শহরে বিএনপির কোন নেতাকর্মীর কোনরকম উপস্থিতি চোখে পড়েনি। উপজেলা ও পৌর  আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দিনভর তাদের কার্যালয়ে অবস্থান নিয়ে থাকেন।

অপরদিকে, শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশী পাহারা জোরদার করা হয়।

ইত্তেফাক/নূহু